
চাঁদপুর : চাঁদপুর-রায়পুর সড়কের পাশে অবৈধভাবে ফসলি জমি ও জলাশয়ের সাথে সড়কের জায়গা বালু দিয়ে ভরাট করার অভিযোগ উঠেছে। গত প্রায় একমাস সময় ধরে এই জায়গা ভরাট হলেও ব্যবস্থা নেয়নি সড়ক বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন। এই সড়কের দুই পাশে একইভাবে ভরাট করে স্থাপনা তৈরি করা হয়েছে প্রায় অর্ধশতাধিক স্থানে। তবে সড়ক বিভাগ বলছে তারা বিষয়টি দেখবেন।
সম্প্রতি সরেজমিন সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় খাজা আহম্মদ নগরের দক্ষিণে চাঁদপুর-রায়পুর সড়কের পূর্বে পাশে দেখাগেছে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করা দীর্ঘ এই জায়গা।
স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে, ভরাট জায়গার খুব কাছাকাছি চাঁদপুর মেডিকেল কলেজের জন্য জমি অধিগ্রহণ করা হবে। যে কারণে খুব তড়িগড়ি করে ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের ওহাব খানের ছেলে শরীফ খান গংরা এই জমি বালু দিয়ে ভরাট করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এই জমির মালিক খাজা আম্মদ নগর কর্তৃপক্ষ। তাদের কাছ থেকে শরীফ খান গংরা বায়না সূত্রে মালিক। তারাই এই জায়গা ভরাট করেছে।
এই বিষয়ে বক্তব্যের জন্য শরীফ খানকে ফোন দেয়া হয়। গনমাধ্যম কর্মীর পরিচয় পেয়ে তিনি ফোন কেটেদেন। এরপর বেশ কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শরীফ খানের আরেক অংশীজন আল-আমিন বলেন, তারা ৫৫শতাংশ ভরাট জমি বিক্রির জন্য বায়না করেছেন। এতে বেশ কয়েকজন অংশীদার রয়েছে। সড়ক বিভাগ কিংবা জেলা প্রশাসনের অনুমোদন সম্পর্কে তিনি কিছুই বলতে পারবেন না।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, ভরাট করার জন্য কেউ আবেদন করেনি। এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। যদি কেউ স্থাপনা তৈরি করে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে সওজ সড়ক বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী বলেন, আমি চাঁদপুরে যোগদানের পরে পর্যায়ক্রমে অবৈধভাবে দখল উচ্ছেদ করা শুরু করেছি। চাঁদপুর-রায়পুর সড়কে যারা ভরাট করেছে, তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে অবৈধ দখলে যারা আছে সকলকে নোটিশ করার ব্যবস্থা করা হবে। আমাদের লোকবল সংকট যে কারণে খুব দ্রুত সময়ে ব্যবস্থা নিতে পারি না।
তিনি আরো বলেন, সড়কের পাশে বিধি মোতাবেক লীজ সাপেক্ষে ব্যবহারের অনুমোদন দেয়া হয়। যারা বালু ভরাট করেছেন তারা আমাদের কাছ থেকে কোন ধরণের অনুমোদন নেয়নি। এভাবে অনেকেই দখল করে আছেন। সড়ক বিভাগ শুধুমাত্র পেট্টোল পাম্পগুলোকে চলাচলের জন্য লীজ সাপেক্ষে অনুমোদন দিয়ে থাকে।
ফম/এমএমএ/



