
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে এবং স্থানীয় ইন্দুরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় সোমবার বিকেলে তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
পরিবার থেকে জানানো হয়, বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন একটি হাতে লেখা চিরকুট রেখে যায়। সেখানে সে লিখেছে, ‘আমি প্রতিষ্ঠিত হব, আমি এতিম’ এবং পরিবারের উদ্দেশে বিদায় বার্তাও দেয়। চিরকুটে বিদেশে যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথাও উল্লেখ আছে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।
লিখনের বড় ভাই আপন বলেন, আমার ছোট ভাই লিখন মজুমদার পবনের কারও সঙ্গে কোনো রাগ বা অভিমান ছিল না। পড়াশোনার জন্যও তার ওপর কোনো বাড়তি চাপ ছিল না। আমাদের পরিবারেও কোনো ঝামেলা নেই। হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের ও রহস্যজনক। লিখনের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে সোমবার বিকেলে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। কেউ যদি আমার ছোট ভাইয়ের সন্ধান পান, তাহলে আমাদের জানাবেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এই ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরী হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।


