ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে মো: মিনহাজ (২১) নামে যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) ধনাগোদা নদীর মতলব উত্তর উপজেলার জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. মিনহাজ মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে।

নিহত মিনহাজের মামা বিল্লাল হোসেন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহাজের সাথে শিবলু,আমির,ইব্রাহিম অন্যান্য দিনের ন্যায় ব্যাটারীচালিত ইলেকট্রনিক শক ডিভাইস দিয়ে নৌকায় বসে নদীতে মাছ ধরছিল।

ইলেকট্রিক শটে মারা যাওয়া একটি বড় মাছ ঝুড়ি থেকে পড়ে গেলে ওই মাছটি ধরতে মিনহাজ পানিতে লাফ দেয়। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে পড়ে সে। এ সময় সঙ্গে থাকা অন্যান্যরা উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে মিনহাজের স্বজনদের খবর দিয়ে চলে যায়। মিনহাজের মামা বিল্লাল সেখান থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ডায়রী হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম