চাঁদপুরে অসহায়দের জরুরি স্বাস্থ্য সেবায় প্রবাসীদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস

চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় অসহায় সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অর্থায়নে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই সেবার যাত্রা শুরু হয়। মানবিক এই মহতি উদ্যোগটির অর্থায়নে ছিলেন প্রবাসী মো. কামরুজ্জামান মজুমদার (জামাল)।

বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহিলা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

তিনি বক্তব্যে বলেন, প্রবাসী ভাইদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দুর্যোগ ও জরুরি মুহূর্তে এই অ্যাম্বুলেন্স সার্ভিস এলাকার মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে বড় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, অত্র এলাকার অসহায় ও দুস্থ রোগীদের জরুরি প্রয়োজনে এই অ্যাম্বুলেন্স সার্ভিস ২৪ ঘণ্টা সেবা প্রদান করবে। স্থানীয় বাসিন্দারা প্রবাসী ফোরামের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এলাকাবাসী জানান, স্পেন প্রবাসী, বিতারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মজুমদার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি জনকল্যাণমূলক অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্বল্প খরচে বাংলাদেশের যেকোনো প্রান্তে রোগী পরিবহন করা যাবে। বিশেষ করে অসহায়, দরিদ্র, গর্ভবতী মা, জরুরি রোগী ও বিপদগ্রস্ত মানুষের জন্য এই সেবা হবে আশার আলো।

কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সম্পাদক মাসুদ এলাহি সুভাস, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম