হাজীগঞ্জে দেশীয় অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে ওয়াজ মাহফিলে যুবকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে তিন গ্রামের সংঘবদ্ধ লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে ইমন হোসেন (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই উনিয়নের জনতা বাজারে এই ঘটনা ঘটে। ইমন হোসেন পাশবর্তী বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। তিনি এলাকার একটি ফার্নিচার কারখানার শ্রমিক হিসেবে কাজ কাজ করতেন।

বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি গত ২১ ফেব্রুয়ারি পূর্ব রাজাগাঁও মিজি বাড়ীতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে নিহত যুবক ইমন ও তার সহপাঠী সৈকতের সাথে অন্য যুবকদের কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে সাকচি পাড়া, নোওহাটা ও রাজারগাঁও গ্রামের লোকজন জনতা বাজার এসে ইমনকে ধরার জন্য ধাওয়া করে। ধাওয়া খেয়ে ইমন বাজারের পাশের এক বাড়িতে প্রবেশ করে। সেখানে গিয়ে হামলা চালায় সংঘবদ্ধ লোকজন। তখন যুবক ইমন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়।

ইমনের চাচাত ভাই নাঈম ইসলাম জানান, সন্ধ্যায় ইমন জনতা বাজারে বসা ছিলো। তখন ওই তিন গ্রামের ২০-২৫ জন লোক কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা দিয়ে এসে ইমনকে খুঁজে বের করে মারধর করে। আমি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ইমনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তার মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়।

হাজীগঞ্জ জনতা বাজার যুবক নিহত হওয়ার ঘটনাস্থল এলাকার লোকদের সাথে কথা বলছেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।

হাসপাতালে আসা ইমনের চাচা আব্দুল হান্নান জানান, আমি শুনেছি জনতা বাজারে একটি মারামারি হয়েছে এবং মারামারির পর আমার ভাতিজা সেখানে আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, সন্ধ্যায় জনতা বাজারে মারামারির ঘটনায় ওই যুবক নিহত হয়েছে। এই মুহুর্তে প্রকৃত ঘটনা বলতে পারছি না। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে আছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম