শাহরাস্তিতে প্রথমবার কৃত্রিম কোমর জয়েন্ট প্রতিস্থাপন

মেডিল্যাব হাসপাতালের নতুন মাইলফলক

শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তিতে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে সফলভাবে সম্পন্ন হয়েছে আধুনিক Replacement Hemiarthroplasty with Bipolar Prosthesis (কৃত্রিম কোমর জয়েন্ট প্রতিস্থাপন) অস্ত্রোপচার। এতদিন এ ধরনের জটিল অর্থোপেডিক সার্জারির জন্য রোগীদের ঢাকাসহ বড় শহরের বিশেষায়িত হাসপাতালে যেতে হলেও এখন সেই সেবা মিলছে শাহরাস্তিতেই।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় শাহরাস্তির মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্টদের মতে, এটি শুধু হাসপাতালটির নয়, শাহরাস্তি ও আশপাশের অঞ্চলের চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাধারণত বয়স্ক ব্যক্তি কিংবা সড়ক দুর্ঘটনার মতো গুরুতর আঘাতে উরুর হাড়ের উপরের অংশ বা ফেমোরাল নেক (Femoral Neck) ভেঙে গেলে এ ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অস্ত্রোপচারে ক্ষতিগ্রস্ত হিপ জয়েন্টের বলের অংশ অপসারণ করে উন্নতমানের Bipolar Prosthesis প্রতিস্থাপন করা হয়। এর ফলে রোগী তুলনামূলক দ্রুত হাঁটাচলা শুরু করতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পান।
অস্ত্রোপচারটি পরিচালনা করেন অর্থোপেডিক সার্জন ডা. মো. আতীকুর রহমান সজীব। তাঁকে সহযোগিতা করেন ডা. দিপংকর চন্দ্র ভৌমিক। অ্যানেস্থেসিয়ার দায়িত্ব পালন করেন ডা. তৌহিদুর রহমান সজীব। অপারেশন টিম, নার্সিং স্টাফ এবং অপারেশন থিয়েটারের কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ধরনের জটিল অর্থোপেডিক অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, যন্ত্রপাতি ও অপারেশন থিয়েটারের সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হাসপাতালের পরিচালক ডা. আরিফ উল হাসান। তাঁর উদ্যোগে ধাপে ধাপে হাসপাতালটিতে বিশেষায়িত অস্ত্রোপচারের পরিধি বাড়ানো হয়েছে। ফলে শাহরাস্তিসহ চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকার রোগীরাও এখন নিজ এলাকার কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এতে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি দূরবর্তী হাসপাতালে যাতায়াতের ভোগান্তিও কমছে।
উল্লেখ্য, শাহরাস্তির মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার এর আগেও একাধিক জটিল ও ব্যতিক্রমধর্মী অস্ত্রোপচারের মাধ্যমে জাতীয়ভাবে আলোচনায় এসেছে। হাসপাতালটিতে ২২ বছর বয়সী এক নারীর শরীর থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার এবং এর আগে এক রোগীর শরীর থেকে প্রায় ৮ কেজি ওজনের বিশাল টিউমার সফলভাবে অপসারণের ঘটনা দেশব্যাপী আলোচিত হয়। এছাড়া এক রোগীর পায়ুপথে আটকে থাকা একটি ডাব সফলভাবে অপসারণের বিরল অস্ত্রোপচারটি জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সম্প্রতি হাসপাতালটিতে হেমি-থাইরয়েডেকটমি অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে।
চিকিৎসাসংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিকভাবে জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া প্রমাণ করছে দক্ষ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে উপজেলা পর্যায়ের হাসপাতালেও উন্নত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। সর্বশেষ কৃত্রিম কোমর জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার সেই সক্ষমতার ধারাবাহিকতায় আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম