চাঁদপুরে জামায়াতে নামাজ আদায় করায় সাইকেল পুরস্কার পেল ১৩ শিশু

চাঁদপুর : ধর্মীয় অনুশাসনের প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি এবং মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুরের হাজীগঞ্জের দেশখাগুড়িয়া সমাজকল্যাণ পরিষদ। টানা ২৭৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় করায় ১৩ শিশুকে সাইকেল পুরস্কার প্রদান করা হয়।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া এলাকায় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে এসব পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশখাগুড়িয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ। ১৩ শিশুর হাতে সাইকেল প্রদান এবং একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকেও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, শিক্ষক আবদুল হান্নান, স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান, মাওলানা আবু বকর, জাহাঙ্গীর আলম, মাওলানা মজিবুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে উঠবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ ব্যতিক্রমধর্মী আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করতে এমন উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় হতে পারে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম