
চাঁদপুর: চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে ২ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। রায়ের সময় আদালতে ইসমাইল উপস্থিত থাকলেও জুনায়েদ জুকি অনুপস্থিত ছিলেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান আসামী পক্ষের আইনজীবী হারুনুর রশিদ।
এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানেগেছ, নাশকতার ঘটনায় ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামী ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ওইদিন ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে গ্রেফতার করেন। পরে তাদের জামিনে মুক্তি হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন আক্তার হোসেন। আসামীপক্ষের আইনজীবি ছিলেন হারুনুর রশিদ, জাহাঙ্গীর খান, কোহিনুর বেগম ও ইয়াছিন আরাফাত।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম জানান, চাঁদপুরে এটিই প্রথম রাজনৈতিক মামলায় সাজা হয়েছে। এটি একটি গায়েবি মামলা। এর কোন সত্যতা নেই। ন্যায় বিচার হয়নি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ফম/এমএমএ/



