চাঁদপুর: চাঁদপুরে ঘরোয়া ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সপ্তসুর সংগীত একাডেমির বর্ষামঙ্গল অনুষ্ঠান।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব সড়কে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, চাঁদপুরের শিল্পী ও সংগঠনের সাথে চাঁদপুর প্রেস ক্লাবের সেতুবন্ধন তৈরী করবো। এই একাডেমির অধ্যক্ষ ও কণ্ঠশিল্পী রূপালী চম্পক তিনি দেশসেরা শিল্পী। তার নেতৃত্বে এই একাডেমির আরো উন্নত হবে। শিল্পীদের জন্য চাঁদপুর প্রেস ক্লাব উন্মুক্ত থাকবে। বাংলা সংস্কৃতির ধারাবাহিক চর্চাই আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। সংস্কৃতিমনা প্রজন্ম গড়ে তুলতে সংগীত, নৃত্য ও আবৃত্তির মতো সৃজনশীল চর্চার বিকল্প নেই। সংস্কৃতি চর্চা তরুণ প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ ও কণ্ঠশিল্পী রূপালী চম্পকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, নৃত্য প্রশিক্ষক কবির আজিজ, সংগীত নিকেতনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম এবং নাট্যাভিনেতা পরিমল দাস নুপুর, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী
এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী নাছির খান, সরল সাহাসহ সংগীত, নৃত্য ও সংস্কৃতিসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে অনুষ্ঠানে বিভিন্ন সংগীত পরিবেশন করেন সপ্তসুর সংগীত একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্ষার আবহ ও প্রকৃতির সৌন্দর্যকে কেন্দ্র করে পরিবেশিত গানগুলো উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশনাসহ নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রকৃতি ও বাঙালির সংস্কৃতির সঙ্গে বর্ষার রয়েছে গভীর সম্পর্ক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও সংগীতচর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সংস্কৃতিকর্মী ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
ফম/এমএমএ/



