শাওন হত্যার বিচার দাবিতে মানববন্ধন, দ্রুত তদন্তের দাবী

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে শিশু সাহিদুল ইসলাম শাওন হত্যার বিচার ও ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার আয়নাতলী-ফেরুয়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শাওনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।

মানববন্ধনে নিহত শাওনের বাবা শামছুল হক অভিযোগ করেন, ঘটনার সময় তিনি প্রবাসে ছিলেন। তাঁর দাবি, তাঁর স্ত্রী সালমা বেগমের কথিত পরকীয়ার বিষয়টি স্থানীয়দের জানিয়ে দেওয়ায় শিশু শাওনের ওপর তাঁর মা ক্ষিপ্ত ছিলেন। একপর্যায়ে পরিকল্পিতভাবে শাওনকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, শাওনের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাঁদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ সময় বক্তারা মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের দাবি জানান।

২০২৪ সালের ১৮ নভেম্বর শিশু শাওনের মৃত্যুর ঘটনায় তাঁর চাচা রবিউল ইসলাম বাদী হয়ে চাঁদপুরের আদালতে মামলা করেন। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম