মতলবে কাপড় আনতে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীর

চাঁদপুর :  চাঁদপুরের মতলবে ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা বেগম (৩৭) নামে চার সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাসার ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান হেলেনা বেগম। এ সময় একটি কাপড় তারে আটকে থাকায় তিনি লোহার বস্তু দিয়ে সেটি সরানোর চেষ্টা করেন। অসাবধানতাবশত ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সংজ্ঞা হারান।

পরে ভবনের বাসিন্দারা তাঁকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হেলেনা বেগম মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকার বাসিন্দা মো. শাহজাহান খানের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি মতলব উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙা গ্রামের খান বাড়িতে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম