চাঁদপুর: চাঁদপুরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও উপ-নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বক্তব্যে প্রার্থীদেরকে নির্বাচন আচরণ বিধি মেনে চলার জন্য আহবান জানান। সভায় আচরণ বিধির উপর গুরুত্ব দেয়া হয়।
জানাগেছে, হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ৯ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, নির্বাচনে মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। নির্বাচনী এলাকায় শৃঙ্খলা বহির্ভূত কোন কাজ হলে বিন্দুমাত্র ছাড় পাবে না কেউ। কোন প্রার্থী নির্বাচনী এলাকায় বহিরাগত লোক সমাগম ঘটালে, তার দায় সংশ্লিষ্ট প্রার্থীকে নিতে হবে। নির্বাচন হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। জনগণের রায় বাস্তবায়নে পুলিশ প্রশাসন সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে থাকবে।
ফম/এমএমএ/


