কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: ২০ হাজার টাকা জরিমানা

কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলায় অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে ফসলের জমি নষ্ট করে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ড্রেজার মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে,গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

শনিবার (৪জুলাই) দুপুরে উপজেলার ভূইয়ারা ও মেঘদাইর গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির।

অভিযানে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় প্রচলিত আইনে ড্রেজার মালিক মোহাম্মদ ফিরোজ মিয়াসহ দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ সময় কচুয়া থানার এএসআই মো. আতিকুর রহমানসহ পুলিশের সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু নাসির জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম