কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া–সাচার–গৌরীপুর আঞ্চালিক মহাসড়কের দোয়াটি এলাকায় একটি ক্যাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনায় দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে সড়কের একটি ঝুঁকিপূর্ণ টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন- সহদেবপুর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মিরাজ (১৮) এবং দারাশাহী তুলপাই গ্রামের জিসানের ছেলে জুবায়ের হোসেন (১৯)। তারা মোটরসাইকেলে করে কচুয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দোয়াটি এলাকার টার্নিং পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ক্যাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুই বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।
প্রত্যক্ষদর্শী বশিরউল্লাহ জানান, আমরা অটোরিকশা নিয়ে মোটরসাইকেলটির পেছনে ছিলাম। হঠাৎ একটি ক্যাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে আমরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠাই।
স্থানীয়দের দাবি, দোয়াটি এলাকার টার্নিং পয়েন্টটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেখানে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, গতিনিয়ন্ত্রণ এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। আহত দুই বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
ফম/এমএমএ/



