চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিবপুর গ্রামে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় রবীন্দ্র সরকার (৪৫) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোন যানবহানের ধাক্কায় তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলার শিবপুর গ্রামের নিজ বাড়ির সামনের বেরিবাঁধের দক্ষিণ পাশে রাস্তার নিচে রবীন্দ্র সরকার নামে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নিহত রবীন্দ্র সরকার শিবপুর গ্রামের হরিপদ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (২৯ জুন) রাতে যেকোনো সময় বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন রবীন্দ্র সরকার। ধারণা করা হচ্ছে, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি রাস্তা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রতন বাবু নামে এক ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির গ্লাসের কিছু অংশও উদ্ধার করেছে পুলিশ, যা দুর্ঘটনার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ভাঙা গাড়ির কাঁচের টুকরো উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে এবং সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হবে।
ফম/এমএমএ/



