প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম : ছারছীনা পীর  

মতলব উত্তর (চাঁদপুর): ছারছীনা শরীফের পীর কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন (মা.জি.আ) বলেছেন, প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম। তাই আমাদের সবার আগে নিজের ঈমান ও আকিদাকে মজবুত করতে হবে।

পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে হবে এবং ইসলামের সঠিক পথে চলতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করতে হবে। রাসুল (সা.)-এর সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করতে হবে।

১৭ নভেম্বর মতলব উত্তর উপজেলার ভাইগারচক খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্সে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উপজেলা শাখার আয়োজনে এক ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ানে এসব কথা বলেন তিনি।

ছারছীনা পীর কেবলা পবিত্র কুরআন ও ইসলামের গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু মুখে ইসলাম পালন করার কথা বললেই হবে না, বরং আমাদের আচার-আচরণ, কথাবার্তা, লেনদেন ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামের শিক্ষা প্রতিফলিত করতে হবে। মিথ্যা, অন্যায়, হিংসা, অহংকার ও মানুষের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।

আসুন, আমরা সবাই ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হই এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মজবুত ঈমানের অধিকারী হওয়ার এবং রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন।

মাহফিলে সভাপতিত্ব করেন ভাইগারচক দ্বীনিয়া মাদ্রাসার সভাপতি ও সাবেক জেলা প্রশাসক মোঃ তাফাজ্জল হোসেন প্রধান। মাহফিলে বয়ান পেশ করেন ছারছীনা দারুসসুন্নাত জামেয়া নেছারীয়া দ্বীনিয়ার প্রভাষক মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা বোরহান উদ্দিন সালেহী এবং মাওলানা ঈমাম হোসাইন মোস্তাফী। ছারছীনা শরীফের পীর কেবলার সফর সঙ্গী আরও ওয়াজিনে কেরাম ওয়াজ করেন। উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্ব শহীদ উল্লাহ ঢালী, সহ-সভাপতি হাবিবুর রহমান, ইত্তেফাক প্রধান, মোঃ কামাল হোসেন, মোঃ মাইনুল হোসেন সিকদার সহ আরো অনেকে।

পম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম