নির্বাচনী প্রচারণা শুরু করলেন লক্ষ্মীপুর ইউনিয়ন সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নুরুল ইসলাম পাটওয়ারী নিজ এলাকা ৮নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ উপলক্ষে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজী হাসান আলী বেপারী বাড়ির তাকওয়া মডেল একাডেমি প্রাঙ্গণে এলাকাবাসী ও স্থানীয় মুরব্বিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, আমি এই এলাকার সন্তান। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুযোগ পেলে লক্ষ্মীপুর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, আমার নেতা, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো। নেতা যতি আমাকে না দিয়ে, আমার চেয়ে যোগ্য কাউকে মনোনয়ন দেন তাহলে আমি তার পক্ষে নির্বাচন করবো। আমি দলের সিধান্তে বাইরে যাবো না। তাই সর্বপ্রথম আমি আমার নিজ এলাকার মুরব্বিদের দোয়া নিতে আজ আপনাদের।কাছে এসেছি।
তিনি বলেন, চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়ার সুযোগ হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করব। উন্নয়ন ও সেবার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। জনগণের সঙ্গে নিয়ে জনগণের জন্য কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
তাকওয়া মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. আবুল বাশারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বেপারী বাড়ির মুরব্বি ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. হেদায়েত উল্যাহ হেদু বেপারী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজাহান খান, সহ-সভাপতি আবু তাহের রাঢ়ী, সাবেক ছাত্রনেতা রাজু মাঝি, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শাহাদাত মল্লিক প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি আলহাজ হারুন পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা দুলাল কর, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন খান, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. হাসান মিজি, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জিহাদ হোসেন, সাধারণ সম্পাদক রনি জমাদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভা শেষে নুরুল ইসলাম পাটওয়ারীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন এবং নুরুল ইসলাম পাটওয়ারীর পক্ষে জনসমর্থন কামনা করেন।
ফম/এমএমএ/

এস.এম. সোহেল | ফোকাস মোহনা.কম