চাঁদপুর : পেশাজীবী প্রকৌশলীদের সর্ববৃহৎ সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ নূরুজ্জামান।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেল থেকে ২ হাজার ১৪৯ ভোট পেয়ে তিনি সিভিল ইঞ্জিনিয়ার ডিভিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আইইবির চাঁদপুর সাব-সেন্টারের চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) সারাদেশের ১৮ কেন্দ্রে ও ৩৫ উপকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটারের প্রায় ৪৪ শতাংশ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুই বছর মেয়াদি কমিটির এ নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়ে বিজয় অর্জন করেন মোঃ নূরুজ্জামান।
বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, সবার বিপুল ভালোবাসা, আস্থা, দোয়া ও সমর্থনই তাঁর বিজয়ের মূল শক্তি। নির্বাচিত হওয়া তাঁর জন্য যেমন আনন্দ ও গর্বের, তেমনি এটি অনেক বড় দায়িত্বের বিষয়।
তিনি আরও বলেন, এ বিজয়কে তিনি ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না; বরং সবার সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন হিসেবে দেখেন। প্রকৌশলীদের আস্থা ও প্রত্যাশার যথাযথ মর্যাদা রক্ষা করাই এখন তাঁর সবচেয়ে বড় দায়িত্ব।
নবনির্বাচিত এ প্রকৌশলী প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা বৃদ্ধি, সমান সুযোগ নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, নারী প্রকৌশলীদের নেতৃত্ব ও ক্ষমতায়ন, গবেষণা ও উদ্ভাবন এবং শিল্প ও শিক্ষাঙ্গনের মধ্যে কার্যকর সম্পর্ক জোরদারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি সব প্রকৌশলীকে সঙ্গে নিয়ে পেশাজীবী সংগঠনকে আরও শক্তিশালী, কার্যকর ও গতিশীল করার আহ্বান জানান তিনি।
১২ নভেম্বর আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) দেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠনগুলোর অন্যতম।
ফম/এমএমএ/


