চাঁদপুর: চাঁদপুর -৫ ( হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান । জেলা পরিষদের মাধ্যমে জেলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আপনারা আরও স্বচ্ছতার সাথে কাজ করুন।
তিনি বলেন, হাজীগঞ্জে জেলা পরিষদের উন্নয়নের মধ্যে অন্যতম একটি হচ্ছে হাজীগঞ্জ জেলা পরিষদ সুপার মার্কেট। এ মার্কেটটিতে সকল ক্ষেত্রে আগামীতে কোন অনিয়ম যেন না হয় সেদিকে নজর দিয়ে কাজ করতে হবে। আর যারা এ মার্কেটে একাধিক দোকান পেয়েছে তাদেরকে চিহ্নিত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি জেলা পরিষদের প্রশাসকের উদ্দেশ্যে বলেন, আপনি জেলা পরিষদের সকল জায়গা স্থাপনা সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন করার পর ওই তথ্য উপাত্ত পেয়ে আপনাদের পরামর্শ মতে জেলা পরিষদের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করবো। উন্নয়ন প্রকল্পগুলোও যত দ্রুত সম্ভব সম্পন্ন করেন।
তিনি মঙ্গলবার ( ২ জুন) সকালে হাজীগঞ্জে তাঁর কার্যালয়ের হলরুমে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম। তিনি তার বক্তব্যে জেলা পরিষদের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া জেলা পরিষদের মাধ্যমে হাজীগঞ্জ ও শাহরাস্তির উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
সভা পরিচালনা করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইবনে আল জায়েদ হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেনসহ জেলা পরিষদ,হাজিগঞ্জ পৌরসভা, পল্লী বিদ্যুৎ ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। সভায় জেলা পরিষদের ভূমি ও মার্কেট সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পরে জেলা পরিষদের প্রশাসক , প্রধান নির্বাহী কর্মকর্তা ,উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য কর্মকর্তারা জেলা পরিষদের হাজিগঞ্জ সুপার মার্কেট, ডাকবাংলোসহ জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।
ফম/এমএমএ/
স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম
সোশ্যাল মিডিয়ার বন্ধুরা শেয়ার করুন