চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভা

শিক্ষাবৃত্তি প্রদান, জমির সীমানা নির্ধারণ,সাইনবোর্ড স্থাপনসহ  নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

চাঁদপুর: চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি ফাউন্ডেশনের জমি দখলমুক্ত করা, উচ্ছেদ অভিযান পরিচালনা, সাইনবোর্ড স্থাপনসহ সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় চাঁদপুর ফাউন্ডেশনের সম্পদ, জমি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জানানো হয়, ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকা সঞ্চিত রয়েছে এবং চাঁদপুর পৌর এলাকায় ১৬ শতক জমি রয়েছে। এই সম্পদকে কাজে লাগিয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়ে সদস্যরা মতামত প্রদান করেন।
সভায় ফাউন্ডেশনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে এর কার্যক্রম পুনরায় সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়। দীর্ঘদিন ধরে স্থবির থাকা কার্যক্রমকে গতিশীল করতে জমির রেকর্ড সংশোধন, সীমানা নির্ধারণ, সীমানা প্রাচীর নির্মাণ এবং জমি রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফাউন্ডেশনের আর্থিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে ব্যাংক হিসাব পরিচালনা এবং এফডিআরের মুনাফা শিক্ষাবৃত্তি খাতে ব্যয়ের প্রস্তাব গৃহীত হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, ফাউন্ডেশনের নামে একটি কার্যকর ব্যাংক হিসাব পরিচালনা করা হবে এবং সেখান থেকে অর্জিত মুনাফা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ব্যয় করা হবে। পাশাপাশি জমির সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণ কাজ করার সিদ্ধান্ত গৃহীত  হয়।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপক মো. মেহেদী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু, সদর ফাঁড়ির ইনচার্জ রাজিব চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতী সাহাসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।
সভায় ফাউন্ডেশনের সম্পদ সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম পুনর্গঠন এবং শিক্ষাবৃত্তিমূলক কার্যক্রম চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম