চাঁদপুরে পুকুর থেকে ৪৫দিন বয়সী শিশুর মরদেহ উদ্ধার

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামে মাত্র ৪৫ দিন আগে পৃথিবীর আলো দেখেছিল শিশু ইমন মিজি। কিন্তু অবুঝ এ শিশুটি হামাগুড়ি দিতে শেখেনি, বসার বয়সও হয়নি। তারই মাঝে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, নজির হোসেন ও রহিমা বেগম দম্পতির সন্তান ইমন শুক্রবার (২৪ এপ্রিল)  রাতে মায়ের অগোচরে বিছানা থেকে উধাও হয়ে যায় শিশু। পরে পরিবারের সদস্যরা তল্লাশি চালিয়ে বাড়ির পুকুর থেকে শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করেন।

মাত্র ৪৫ দিনের শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা জিজ্ঞাসা তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, সত্যিই কি জ্বীনে মেরেছে শিশুটিকে? নাকি অন্য কোনো কারণে এ মৃত্যুর ঘটনা।

শিশুটির মা রহিমা বেগম জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে তিনি শিশুটিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে টয়লেটে যান। ফিরে এসে দেখেন বিছানায় ইমন নেই।

বাবা নজির হোসেনকে জিজ্ঞেস করলে তিনি দাবি করেন, কালো বোরকা পরিহিত এক নারী বেশে জ্বীন এসে শিশুটিকে ঘর থেকে নিয়ে গেছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম