গ্রামীণ সড়ক সংস্কার করে দিলেন চেয়ারম্যান প্রার্থী শাহজাহান খান

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের পূর্ব বাখরপুর ৩ নম্বর ওয়ার্ডের খান বাড়ির পাকা সড়কের মোড় থেকে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান খানের উদ্যোগে প্রায় আধা কিলোমিটার গ্রামীণ সড়ক সংস্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক অ্যাডভোকেট শাহজাহান খানের সার্বিক সহযোগিতায় সম্প্রতি এ সংস্কারকাজ সম্পন্ন হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটির আশপাশে প্রায় দুই হাজার পরিবারের বসবাস। প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় বর্ষা ও বৃষ্টির মৌসুমে এতে হাঁটুসমান কাদা জমত। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হতো।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের প্রয়োজন থাকলেও কার্যকর উদ্যোগ না থাকায় দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী। সম্প্রতি বিষয়টি অ্যাডভোকেট শাহজাহান খানকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে সংস্কারকাজে সহযোগিতার উদ্যোগ নেন। তাঁর সহযোগিতায় সড়কটিতে ইটের খোয়া ও বালু ফেলে চলাচলের উপযোগী করার কাজ করা হয়।

সংস্কারকাজ শেষ হওয়ায় সড়কটি দিয়ে মানুষের চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় বাসিন্দা মো. মহসিন খান বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ছিল। বর্ষার সময় কাদা ও পানির কারণে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ত। অ্যাডভোকেট শাহজাহান খানের সহযোগিতায় রাস্তাটির সংস্কার হওয়ায় আমরা উপকৃত হয়েছি।
এলাকাবাসীরা জানান, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত হলে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে সড়কটির স্থায়ী উন্নয়ন ও পাকা করার উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।

তারা আরও বলেন, অ্যাডভোকেট শাহজাহান খান ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে এলাকার রাস্তা, শিক্ষা ও জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন বলে এমন প্রত্যাশা রয়েছে তাদের।

ফম/এমএমএ/

মোঃ মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম