চাঁদপুর: চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকালে চাঁদপুর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসাদ্দেক হোসেন।
গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানারা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (চাঁদপুর পুলিশ সুপারের পক্ষে), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নুর, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং ক্লিন চাঁদপুর-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তারা সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠবে। এই টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম। জেলা প্রশাসন সবসময় এ ধরনের শিক্ষামূলক ও সহশিক্ষামূলক কার্যক্রমে পাশে থাকবে।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত খেলাগুলো ছিল-সকাল ১১টা: (বালিকা) চাঁদপুর সদর বনাম হাজীগঞ্জ, দুপুর ২টা ৩০ মিনিট: (বালক) চাঁদপুর সদর বনাম হাজীগঞ্জ, বিকাল ৪টা (বালিকা) মতলব দক্ষিণ বনাম শাহরাস্তি বিকাল ৪টা (বালক) মতলব দক্ষিণ বনাম শাহরাস্তি। আজ (৫ মে) খেলার সূচি সকাল ১০টা (বালিকা) কচুয়া বনাম ফরিদগঞ্জ সকাল ১১টা (বালক) কচুয়া বনাম ফরিদগঞ্জ, দুপুর ২টা ৩০ মিনিট (বালিকা) মতলব উত্তর বনাম হাইমচর, বিকাল ৪টা (বালক) মতলব উত্তর বনাম হাইমচর।
জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
ফম/এমএমএ/


