
সনদপত্র গ্রহন করছেন সাংবাদিক শরীফুল ইসলাম। ছবি: সংগ্রহীত।
ঢাকা: সরকারের সংস্কার কার্যক্রম পদ্ধতিগতভাবে পর্যবেক্ষণ, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন যাচাই এবং আধুনিক ফ্যাক্ট-চেকিং পদ্ধতির প্রয়োগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে রাজধানীর গুলশান-২-এর বেঙ্গল ব্লুবেরি ব্যাংকুয়েট হলরুমে দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ও সোমবার এ কর্মশালার আয়োজন করা হয়।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের উদ্যোগে এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সহযোগিতায় দুই দিনব্যাপী এ কর্মশালায় এনটিভি চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলামসহ ৩০ জেলার মোট ৩৫ জন সাংবাদিক এবং ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ ১৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অধিবেশনে নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট ও সিপিডির সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট তারান্নুম জিনান অংশগ্রহণকারীদের স্বাগত জানান। ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা তাঁর বক্তব্যে অর্থনৈতিক সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরেন। সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ এবং এর নতুন সংযোজন ‘ম্যানিফেস্টো ওয়াচ’ সম্পর্কে ধারণা দেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান এবং সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নাজিবা মোহাম্মদ আলতাফ। তারা এসব টুল ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
দ্বিতীয় দিনে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন (আরটিআই)-এর কার্যকর প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেন মিডিয়া রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এছাড়া অপতথ্য ও অপপ্রচার শনাক্তে আধুনিক ফ্যাক্ট-চেকিং কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ডিজিটালি রাইট বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।
সোমবার (৪ মে) বিকেলে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের সম্পাদক ও নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, সাংবাদিকদের প্রধান পরিচয় তাদের পেশাগত সততা ও দায়িত্বশীলতা। শিরোনামনির্ভর সাংবাদিকতা নাগরিক জীবন ও রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে, তাই তথ্য যাচাইয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়া ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ড. দেবপ্রিয় ভট্টাচার্যও বক্তব্য রাখেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাস এবং ইউএনডিপি, বাংলাদেশ।
ফম/এমএমএ/


