সদরের চান্দ্রায় সরকারি জায়গা দখল করে বালু বরাট

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া ৯নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত সরকারি জায়গা অবৈধভাবে ভরাট করার অভিযোগ উঠেছে। ভরাট জায়গায় সেচের ড্রেন বন্ধ করে ইট তুলে রেখেছে অভিযুক্ত ব্যাক্তি। এই নিয়ে স্থানীয়ভাবে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন লোকজন।

সম্প্রতি ঘটনাস্থল এলাকায় গিয়ে বালু দিয়ে সরকারি জায়গা ভরাটের সত্যতা মিলেছে। অভিযুক্ত ব্যাক্তি হলেন ওই গ্রামের মৃত আফির উদ্দিন শেখের ছেলে হাবিবুর রহমান শেখ।

স্থানীয়রা জানান, এই স্থানে ইরিগেশনসহ বিভিন্ন ফসলের জন্য ড্রেনেজ ব্যবস্থা ছিলো। এলাকার লোকজন ইচ্ছেমত এই এলাকায় ভরাট ও বসতি গড়ে তোলায় দীর্ঘ বছর চলমান থাকা সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। এই সুযোগে হাবিবুর রহমান শেখ সহ অনেকেই পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত জায়গা ভরাট করে চলছে।

এলাকার লোকজন অভিযোগ করে বলেন, সরকারি জায়গা এভাবে দখল অব্যাহত থাকলে একসময় সরকারের মহান উদ্দেশ্যে নিয়ে গড়া চাঁদপুর সেচ প্রকল্পের অভ্যন্তরে ফসলি জমি হ্রাস পেতে থাকবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো খুব দ্রুত সময়ের মধ্যে হাবিবুর রহমান শেখসহ যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে আছে তাদের বিরুদ্ধে উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এই বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত হাবিবুর রহমান শেখের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে নাছির শেখ বলেন, অধিগ্রহনকৃত এই সম্পত্তি তার পূর্ব পুরুষদের। যে কারণে তারা দখল করেছেন। তবে এতে কোন ফসলের ক্ষতি হবে না এবং সেচ কার্যক্রম কয়েকবছর বন্ধ রয়েছে।

এদিকে সরেজমিন ওই এলাকায় আশপাশে বহু জমিতে আমন আবাদের জমি পাওয়াগেছে। ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্রমান্বয়ে কৃষকরা ফসল আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য ও চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পিন্টু শেখ বলেন, বালু দিয়ে ভরাট করার বিষয়টি আমার নজরে এসেছে। তবে এখানে এখন আর সেচ কার্যক্রম চলে না। তবে সরকারি জায়গায় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ এবং ইট তুলে নেয়ার বিষটি সঠিক হয়নি।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম