‘আ.লীগ ক্ষমতায় এসে কৌশলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে’

চাঁদপুর : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দল যখন তত্ত্বাবধায়কের দাবীতে আন্দোলন করেছিল, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সেই দাবী মেনে নিয়েছিলো। আর আজকে সেই আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কৌশলে বাতিল করে দিয়েছে। সময়ে এসেছে সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের।

শুক্রবার (২৬ মে) বিকেলে দলীয় কার্যালয় সম্মুখ সড়কে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দূর্ভাগ্য যে দেশের জন্য যুদ্ধ করেছিলাম সেই দেশের আজ এই অবস্থা। আজকে দেশে সভা করতে দিবে না, মাইক দিবে না। উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে শত শত মামলা দিয়ে হয়রানি করবে। এই জনসমাবেশ প্রমাণ করেছে এই অবৈধ সরকারের পতন ঘটাতে চাঁদপুরের মানুষ ঐক্যবদ্ধ।

মনিরুল হক বলেন, বিগত দিনে প্রমান হয়েছে চাঁদপুরের মানুষ আন্দোলন মুখোর। আমার নেত্রী জেল মেনে নিয়েছে, কারাগার মেনে নিয়েছে, নিজের ছেলের লাশ বহন করেছে, কিন্তু আপশ করেন নাই। আরেক ছেলে বিদেশে নির্বাসিত জীবন জাপন করছে। দেশের জন্য গণতন্ত্রের জন্য বিএনপি ত্যাগ স্বীকার করে চলেছে। সময় এসেছে ইমানকে শক্ত করেন। আগামী ৪-৫ মাসের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের বিজয় লাভ করবে।

তিনি বলেন, আজকে দ্রব্যমূল্যের দাম শুধু বেশি নয়, আকাশ চুম্বি। মানুষ আজ দিশেহারা। সাধারণ মানুষ চাল কিনতে পারেনা, তেল কিনতে পারে না, বাচ্চাদের লেখাপড়ার খরচ জোগাতে পারেনা। এরকম একটি দূর্বিসহ সময়ের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে। মুক্তিযোদ্ধের স্লোগান ছিল-আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো। অথচ আজকে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই কথা বলার স্বাধীনতা নেই, ভোটের কোন অধিকার নেই। এজন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম।

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সমন্বয়ক ও বিএনপি নেতা আলহাজ্ব এমএ হান্নান, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ প্রমুখ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমউস সালাম, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন, সাধারন সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আফজাল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল প্রমুখ ।

সমাবেশ পূর্বে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম