
চাঁদপুর: চাঁদপুর জেলা শহরের সবচাইতে বড় মসজিদ পুরান বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো.মোশারফ হোসেন।
শুক্রবার (৩ জুলাই) তিনি এই মসজিদে জুমার নামাজ আদায় করে ইমাম সাহেবের মাধ্যমে উপস্থিত মুসল্লীদের কাছে মেয়র প্রার্থীতার জন্য দোয়া চান।
জুমার নামাজের পর পরই চাঁদপুরের স্থানীয় পৌর এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের নিয়ে গণসংযোগ করেন।
গণসংযোগকালে হাজী মোশারফ স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন, দলের হয়ে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং জনসাধারণের বিভিন্ন অভাব-অভিযোগ শোনেন।
এ সময় হাজী মোশারফ হোসেন বলেন, আমি যেখানেই যাচ্ছি দলীয় নেতাকর্মী এবং পৌরবাসীর বিপুল সারা পাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” (Bangladesh First) দর্শনে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণ, দেশগঠন এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চাকে এগিয়ে নিতে পারি।
এ সময় স্থানীয় বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা কমিটির বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/এমরহ/



