চাঁদপুর : চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন সাত সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে সভাপতি হিসেবে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং সদস্য সচিব হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জসিম উদ্দিন খান বাবুলকে মনোনীত করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের রুটিন দায়িত্বে নিয়োজিত নির্বাহী পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপন জেলা প্রশাসন গ্রহণ করেন গত ৩ নভেম্বর।
কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন এবং স্থানীয় ক্রীড়াবিদ ডি. এম. শাহজাহান।
এদিকে, নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।
নবমনোনীত সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি। পাশাপাশি ‘নিতাইগঞ্জ ক্রীড়া চক্র’ ও সাংস্কৃতিক সংগঠন ‘অনুপম নাট্যগোষ্ঠী’র সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ফম/এমএমএ/এমরহ/


