হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও হাজীগঞ্জ থানা পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি নবগঠিত অলিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে তিনি জনগণের জন্য সরকারি সেবাসমূহ দ্রুততম সময়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনা দেন। জনবান্ধব প্রশাসন, মানসম্মত নাগরিকসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন নিয়মিত করে থাকেন জেলা প্রশাসক।
এদিন দুপুরে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে পৌর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান পৌর এলাকায় পয়ঃনিস্কাশন, সুপেয় পানি, পরিস্কার-পরিচ্ছন্নতা’সহ নাগরিক সেবার প্রতি গুরুত্বারোপ করেন।
এরপর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন, জেলা প্রশাসক। এসময় তাঁকে স্বাগত জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন। এর আগে হাজীগঞ্জ থানা পরিদর্শনে আসলে জেলা প্রশাসক’কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানান, অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান।
একই দিনে তিনি উপজেলার নবগঠিত অলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন। ইউনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


