মাদক ব্যবসা ছাড়তে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগে পাঠাল পুলিশ

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আইনি ব্যবস্থার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে সংশোধনের উদ্যোগ নিয়েছে পুলিশ। একাধিকবার মাদক মামলায় জড়ানোর পরও জামিনে বেরিয়ে একই কর্মকাণ্ডে ফিরে যাওয়ার অভিযোগে জালাল ও হেলাল নামের ওই দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলামের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় সম্প্রতি তাদের তাবলিগে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের বাসিন্দা জালাল ও হেলাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিকবার মাদক মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়াও হয়েছে। তবে জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন বলে স্থানীয়ভাবে অভিযোগ ছিল।

এ অবস্থায় শুধু মামলা ও আইনি ব্যবস্থা নয়, তাদের জীবনযাপনে পরিবর্তন আনার উদ্যোগ নেন ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম। তার উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় ওই দুই ব্যক্তিকে থানায় ডেকে এনে তিন দিনের তাবলিগ জামাতে পাঠানো হয়।

তিন দিনের তাবলিগ শেষে মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে তারা কচুয়া থানায় এসে ওসি আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা নিজেদের ভুল স্বীকার করে মাদক ব্যবসা ও সেবন থেকে দূরে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা জানান, এখন থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রতি মাসে তিন দিন তাবলিগে যাওয়ার চেষ্টা করবেন এবং মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে আর জড়িত হবেন না।

কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘শুধু মামলা দিয়ে সব সময় মাদক নির্মূল সম্ভব নয়। তাদের নৈতিকভাবে পরিবর্তন করতে হবে। আমরা চাই, তারা সত্যিকারের ভালো মানুষ হয়ে সমাজে ফিরে আসুক।’

পুলিশের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাদের মতে, মাদকবিরোধী অভিযান ও আইনি ব্যবস্থার পাশাপাশি মাদকে জড়িয়ে পড়া ব্যক্তিদের সংশোধনের সুযোগ দেওয়া হলে তাদের স্বাভাবিক জীবনে ফেরানো সহজ হতে পারে।

ফম/এমএমএ/