হাজীগঞ্জ (চাঁদপুর): পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন বিকালে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হাজীগঞ্জ প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন কোন অবস্থাতেই তা মেনে নিব না। তারা সকল ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং থাকবে।
উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেলের উপস্থাপনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন ও পৌর যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান রাজন প্রমুখ।
সমাবেশে যুবদল নেতারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে কোনো মহল সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিলে তা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে। তারা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করবে।
তারা আরো বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শুক্কুর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী ও মো. সাহিদুল ইসলাম সাহিদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির ও রোমান গাজীসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


