সরকারি কর্মঘণ্টায় হাইমচর ভূমি অফিসে তালা, ভোগান্তিতে সেবাগ্রহীতা

চাঁদপুর : চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নম্বর চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নির্ধারিত কর্মঘণ্টার মধ্যেও তালা ঝুলে থাকার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা পর্যন্ত অফিসটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা সেবাগ্রহীতাদের ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অফিসটির কার্যক্রমে অনিয়ম চলছে। নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত না থাকায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে। তবে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে ভূমি অফিসে সেবাগ্রহীতারা আসতে শুরু করেন। কেউ খাজনা পরিশোধ, কেউ নামজারি আবার কেউ মিসকেসসহ বিভিন্ন জরুরি কাজে অফিসে আসেন। কিন্তু বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। এ সময় অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও পাওয়া যায়নি।

সেবাগ্রহীতা যুবায়ের ও রফিক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল ৯টায় অফিসে এসে অপেক্ষা করছি। কিন্তু এখনো অফিস খোলেনি। জরুরি কাজে এসে সময়মতো কর্মকর্তা-কর্মচারীদের পাওয়া যায় না। এ বিষয়ে দেখার কেউ নেই?

অফিস বন্ধ থাকার বিষয়ে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, আমি বিপদে আছি, তাই অফিসে যেতে পারিনি। আমিও অসুস্থ। প্রতিদিন ঠিক সময়ে অফিস খোলা হয়। তবে বাকি দুই স্টাফ নিয়মিত না আসায় মাঝে মাঝে বিলম্ব হয়। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে শোকজ করেছেন।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, সকাল ৯টার মধ্যে অফিস খোলার নিয়ম রয়েছে। সরকারি নির্ধারিত সময়ে কেউ অনুপস্থিত থাকলে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী সেবাগ্রহীতা ও স্থানীয় সচেতন মহল দ্রুত ইউনিয়ন ভূমি অফিসটির দাপ্তরিক শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম