শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়া ড্রেজারের মাধ্যমে কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে মো. রাজু (২২) গংকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ড্রেজার অকেজো করার পাশাপাশি অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ইউনিয়নের মনোহরপুর এলাকায় অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। কৃষিজমির টপ সয়েল থেকে মাটি কাটার অপরাধে রায়শ্রী উত্তর এলাকার মো. রাজু (২২) গংকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া মনোহরপুর এলাকায় তিনটি ড্রেজার অকেজো করা হয়। নরিংপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপও বিনষ্ট করা হয়েছে।

অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, কৃষি সম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/ফয়েজ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম