মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মামলা করতে থানায় ছেলে

চাঁদপুর : মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয় ১৪ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। পরে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) পরামর্শ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির তাৎক্ষণিক সমাধান হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এই ঘটনা ঘটলেও জানাজানি হয় পরে।

স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে, ১৪ বছর বয়সী আল আমিন হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রোববার রাত ১০টার দিকে মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে হাজীগঞ্জ থানায় হাজির হয় আল আমিন।

বিষয়টি জানার পর কিশোরটির সঙ্গে কথা বলতে উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পরে রাতেই তার মা-বাবাকে থানায় ডেকে আনা হয়।

এসআই জহির হোসেন জানান, কিশোরের সঙ্গে কথা বলে জেনেছি তার মা-বাবা তাকে মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে মারধরের অভিযোগ করেছে। তবে প্রকৃতপক্ষে তাকে কোনো মারধর করা হয়নি।

তিনি আরো জানান, কিশোরটির মনের কষ্ট দূর করতে কিছুক্ষণ কাউন্সেলিং করা হয়। পরে তাকে বুঝিয়ে হাসিমুখে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম