
চাঁদপুর: চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে ২৩ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরে কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এরশাদ উদ্দিন এর আগে সরকারি চাকরিজীবনে একটি বিভাগীয় শাস্তির ঘটনায় আলোচনায় এসেছিলেন। ২০২৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। ওই ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে লঘুদণ্ড (বেতন গ্রেডের নিম্ন ধাপে অবনমন) দেওয়া হয়। দণ্ডের মেয়াদ শেষে তিনি পূর্বের বেতন ধাপে ফিরলেও ওই সময়ের বকেয়া আর্থিক সুবিধা না পাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
সরকারি নথি অনুযায়ী, অভিযোগ ওঠার পর প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরে তার লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানি গ্রহণের পর একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
তার পূর্বের কর্মস্থলের এসব তথ্য দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদনে প্রকাশ হয়। লিংক: একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক সিনিয়র সহকারী সচিবের, অতঃপর …
ফম/এমএমএ/



