চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সামাজিক সংগঠন ‘তরপুরচন্ডী বন্ধুমহল ফাউন্ডেশন’-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে মোটরসাইকেল ও রানারআপ দল পাবে ফ্রিজ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তরপুরচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান।
উদ্বোধন কালে তিনি তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা দিন দিন আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের এই প্রজন্মকে রক্ষা করতেই হবে। চাঁদপুর আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা চাই খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজ মাদক, অনলাইন আসক্তি, কিশোর গ্যাং ও সব ধরনের অপরাধমূলক মানসিকতা থেকে বেরিয়ে আসুক। একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়তে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।”
উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান,সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু,তরপুরচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খন্দকার,সদর উপজেলা বিএনপির উপদেষ্টা সর্দার রফিকুল ইসলাম,আলমগীর হোসেন বন্দুকশী,তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াত ইসলামির সভাপতি মোঃ কামাল সরদার, সফিউদ্দিন বন্দুকশী প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহন করেন ঈগল স্পোটিং ক্লাব বনাম একুশে স্পোর্টিং ক্লাব।টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করে।বন্ধু মহল ফাউন্ডেশনের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর পরিচালনা করছেন মোঃ সালাউদ্দিন গাজীসহ ক্লাবের সদস্যরা।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হল – হোসেনপুর মধ্যপাড়া ফুটবল একাদশ, গাজী স্কুল জেআর স্পোর্টিং ক্লাব, কে এম বি, গাজী স্কুল স্পোর্টিং ক্লাব, সফরমালি ইলেভেন ক্লাব, দাসাদী অগ্নিশিখা ক্লাব, কুয়াশা স্পোর্টিং ক্লাব, বাবুরহাট এফ সি, তেঁতুলতলা ইয়ং স্টার ক্লাব, একুশে ক্লাব, বহরদার স্পোটিং ক্লাব, আনন্দ ক্লাব, ঈগল স্পোর্টিং ক্লাব, গাজিরহাট স্পোটিং ক্লাব, ব্রাদারহুড ফুটবল ক্লাব ও তেঁতুলতলা স্পোর্টিং ক্লাব।
ফম/এমএমএ/চৌইই/


