সড়কের জায়গা দখলের পাঁয়তারা, চাঁদপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

চাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাবুরহাট হাজী মোবারক মার্কেট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা উচ্ছেদের ২১ দিন পর পুনরায় দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাবুরহাট মোবারক মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি জায়গা দখলমুক্ত রাখা, নতুন করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় এক মাস আগে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ওই এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু উচ্ছেদের পর সম্প্রতি আবারও সরকারি জায়গা দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তাঁরা।

ব্যবসায়ীদের অভিযোগ, সড়কের পাশে অবৈধ দখল ও স্থাপনার কারণে পথচারী ও ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটে। একই সঙ্গে সড়কে যানজট সৃষ্টি হয়ে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। দীর্ঘদিনের যানজটের কারণে অনেক ক্রেতা মার্কেটে আসতে আগ্রহ হারাচ্ছেন। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বক্তারা বলেন, সরকারি জায়গা একবার উচ্ছেদ করার পর সেখানে পুনরায় দখল বা অবৈধ স্থাপনা গড়ে উঠলে আগের পরিস্থিতিই ফিরে আসবে। তাই উচ্ছেদ করা জায়গা উন্মুক্ত রাখা এবং নতুন করে দখলের চেষ্টা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে সরকারি জায়গা দখলের পাঁয়তারা বন্ধ, উচ্ছেদ করা স্থান দখলমুক্ত রাখা এবং পথচারীদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে হাজী মোবারক মার্কেটের সভাপতি মো. আরিফুর রহমান তালুকদার, সেক্রেটারি রাজীব তালুকদার, কোষাধ্যক্ষ, সদস্য মাহফুজ তালুকদার, মো. মোস্তফা, মো. আলী, মজিবুর রহমান, মকবুল আহমেদ, নাসির বকাউল ও শাহজাহান মালসহ ব্যবসায়ী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, যে জায়গাটি নিয়ে কথা হচ্ছে, সেটি সওজের কতটুকু এবং কোন সীমানায় পড়েছে, তা যাচাই করতে সার্ভেয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। জমির ম্যাপ ও নকশা দেখে সীমানা নির্ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, যদি সেখানে আমাদের জায়গায় কোনো অবৈধ স্থাপনা করার চেষ্টা করা হয়, তবে তা উচ্ছেদ বা ভেঙে ফেলা হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

ফম/এমএমএ/