হাজীগঞ্জে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন মমিনুল হক এমপি

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
 বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা অঞ্চলের পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন প্রমুখ।
কর্মকর্তারা জানান, এদিন ডাকাতিয়া নদী ও নদী সংলগ্ন প্লাবন ভূমিতে ১৩০ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি, হাজীগঞ্জ থানা পুকুরে ২৫ কেজি, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস পুকুরেন ৩০ কেজি, হাজীগঞ্জ পৌর ও ইউনিয়ন অফিস পুকুরে ২৫ কেজি’সহ মোট ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মকর্তারা আরো জানান, জলাশয়গুলোতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রতিবছরের মতো এবছরও উন্মুক্ত জলাশয়, সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এতেকরে মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামীম আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. তানভীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, নুরুল আমিন হেলাল অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম