ব্যবসায়ী সমিতিকে যৌক্তিক এডভান্স ও ভাড়া নির্ধারণে চুক্তিপত্র তৈরি করতে হবে

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্যকরি পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় সভায় ইঞ্জি. মমিনুল হক এমপি

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কার্যকরি পরিষদের সদস্যরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্যের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

সমিতির সহ-সভাপতি মো. উমুর ফারুকের সভাপতিত্বে মতবিনিময়কালে ইঞ্জি. মমিনুল হক এমপি বলেন, হাজীগঞ্জ বাজারের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। তাই, এই ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বাজারকে আরো বেশি সমৃদ্ধি ও কাঙ্খিত উন্নয়ন করার লক্ষ্যে নির্বাচিত নেতৃবৃন্দকে রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে কাজ করতে হবে।

তিনি বলেন, যে কোন সমস্যার সমাধানে সকল সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে ন্যয়-সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ ও প্রদান করতে হবে। বিশেষ করে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কোন সমস্যার সৃষ্টি হলে তা ভাড়াটিয়া নয়, ব্যবসায়ী হিসেবে তাকে দেখতে হবে এবং মালিক ও ব্যবসায়ীর ইনসাফ ভিত্তিক ন্যায়-বিচার ও সমাধান করতে হবে।

অভিযোগ রয়েছে, অনেক ব্যবসায়ী তাদের সঞ্চিত অর্থ, ধার ও ঋণ করে ব্যবসা শুরু করেন। যখন তার ব্যবসার পরিচিতি ও পরিধি বৃদ্ধি পেতে শুরু করে তখন দোকানের ডিডের মেয়াদ শেষ হয়ে যায়। শুরু হয়, নতুন করে এডভান্স ও বাড়তি ভাড়ার যন্ত্রণা। এভাবে একসময় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন।

তিনি বলেন, ব্যবসায়ীদের ক্ষতির হাত থেকে বাঁচাতে এরিয়া ভিত্তিক যৌক্তিক এডভান্স ও ভাড়া নির্ধারণ করে একটি চুক্তিপত্র তৈরি করবে সমিতি। এই চুক্তিপত্রের আলোকেই দোকানঘর ভাড়া হবে। এছাড়া থার্ড-পার্টি দোকান ভাড়া নিলে থার্ড-পার্টি, ভাড়াটিয়া কিংবা উপ-ভাড়াটিয়া অবশ্যই ব্যবসা সমিতির সাথে সমন্বয় করতে হবে।

ইঞ্জি. মমিনুল হক বলেন, দেখা গেছে ঋণের কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন, আবার ব্যাংকে ঋণখেলাপিও বৃদ্ধি পায়। তাই, ঋণের ক্ষেত্রেও ব্যাংক কর্তৃপক্ষ সমিতির মতামত নিলে উভয়পক্ষ উপকৃত হবে বলে মনে করি। এছাড়া ভ্যাট কিংবা সরকারি যেসব ফি রয়েছে, তা নির্ধারণে ব্যবসা সমিতির সাথে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, বাজার এলাকায় ইভটিজিং, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, জুয়া, চুরি কিংবা ক্রেতা হয়রানি’সহ বাজার এলাকায় যে সকল সামাজিক অপরাধ হয়ে থাকে, তা প্রতিরোধে ব্যবসায়ী নেতৃবৃন্দকে কার্যকরি ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমিতির পাশে থাকবে।

তিনি আরো বলেন, ভোটার হওয়া ও নির্বাচন পরিচালনা’সহ অতিতে এবং বর্তমানে যেসব সমস্যা পরিলক্ষিত হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে সংবিধান সংস্কার কিংবা পুর্ণগঠন করতে হবে। শুধুমাত্র ট্রেড লাইসেন্স থাকলেই ভোটার হবে এমনটি নয়, ভবিষ্যতে ভোটার হতে হলে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করতে হবে।

ইঞ্জি. মমিনুল হক বলেন, ব্যবসায়ী সমিতির কার্যক্রম পরিচালনায় নিজস্ব ও স্থায়ী ভবনের প্রয়োজন। আপনারা ভূমি ক্রয় অথবা সরকারি কোন খাসভূমি দেখতে পারেন এবং কার্যকর ব্যবসায়ী সমিতি গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। জনস্বার্থে ব্যবসায়ী সমিতি’সহ সকল ভালো কাজের সাথে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবুর উপস্থাপনায় সভায় সমিতির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ ছিদ্দিকী, দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কোষাধ্যক্ষ হাফেজ মো. মহসিন ও শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. তানভীর।

আরো বক্তব্য রাখেন, প্রচার সম্পাদক আরমান হোসেন হৃদয়, বানিজ্য সম্পাদক আশ্রাফ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজিব, ওয়ার্ড কমিশনার মনির হোসেন সাগর, শাহাদাত হোসেন মিশু প্রমুখ। বক্তব্য শেষে ইঞ্জি. মমিনুল হক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান, ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সদস্যরা।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম