শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবধারা সমিতির জুলহাস গ্রেপ্তার

জুলহাস মিয়া। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা যুবধারা সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস মিয়াকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

চাঁদপুরের হাজীগঞ্জে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হয়েছেন যুবধারা সমবায় সমিতির চেয়ারম্যান জুলহাস মিয়া।

শনিবার (৫ সেপ্টেম্বর) হাজীগঞ্জের বাকিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে পুলিশ জানায়।

হাজীগঞ্জ থানার এসআই আবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে আদালতে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা করেন। ওই মামলায় জুলহাস মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
জুলহাস মিয়া দুই নম্বর বাকিলা ইউনিয়নের আবুল বাশারের ছেলে। যুবধারা সমবায় সমিতির চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট, বাকিলা ও হাজীগঞ্জে অফিস রয়েছে বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা এসআই আবির হোসেন জানান, জুলহাস মিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে জুলহাস গ্রেফতারের খবরে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে। এখনো যারা তার কাছে টাকা পাওনা রয়েছেন বা প্রতারণার শিকার হয়েছেন, তাদের আইনগত ব্যবস্থা নিতে হাজীগঞ্জ থানায় যোগাযোগের আহ্বান জানিয়েছে সচেতন মহল।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম