নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রি, চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই এর উদ্যোগে চাঁদপুর শহরের হকার্স মার্কেটে অভিযান। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রং ফর্সাকারী ক্রিম বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের রেলওয়ে মার্কেটে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা ও জেলা প্রশাসন চাঁদপুরের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রং ফর্সাকারী ক্রিম বিক্রির অভিযোগে রেলওয়ে মার্কেটের চুমকি ফ্যাশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা এবং রিচি কসমেটিকসকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসনের কার্যালয় চাঁদপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযানে নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার পরিদর্শক মো. আমিনুল ইসলাম শাকিল ও মো. শামস তাবরেজ।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, নিম্নমানের ও নিষিদ্ধ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম