চাঁদপুর: বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬-পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা ‘দক্ষ সংগঠক’ সম্মাননা পেয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের চাঁদপুর জেলা প্রতিনিধি এম এ লতিফ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিপিজেএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে কক্সবাজারের ওস্তাদ জাহাঙ্গীর আলম রিসোর্টের অডিটোরিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এম এ লতিফের পক্ষে সম্মাননা পদক গ্রহণ করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানে সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মোট সাতজন গুণী সাংবাদিককে বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করে বিপিজেএফ।
‘দক্ষ সংগঠক’ সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে এম এ লতিফ বলেন, বিপিজেএফ আয়োজিত আনন্দ ভ্রমণ-২০২৬-পরবর্তী অনুষ্ঠানে বর্ষসেরা ‘দক্ষ সংগঠক’ হিসেবে স্বীকৃতি পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। এ সম্মাননা তাঁর জন্য আনন্দ, গর্বের পাশাপাশি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা।
তিনি বলেন, ‘একজন সংগঠক হিসেবে সবসময় সততা, নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার চেষ্টা অব্যাহত থাকবে।’
এম এ লতিফ আরও বলেন, ‘এই সম্মাননা আমার একার নয়। এর সঙ্গে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিপিজেএফের সংশ্লিষ্ট সবার ভালোবাসা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা জড়িয়ে আছে। যারা পাশে ছিলেন, সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।’
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘দক্ষ সংগঠক’ হিসেবে পাওয়া এ স্বীকৃতি এম এ লতিফের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করার ক্ষেত্রে এ সম্মাননা তাকে আরও উৎসাহিত করবে।
ফম/এমএমএ/




