চাঁদপুর: মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সমাবেশ ও র্যালি।সোমবার (২৪ আগস্ট) বিকাল ৩টায় ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও শতরূপা গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মিয়াজি আলিফ ইমরান।
চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ মজিবুর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামীম হোসেন মিজি।
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এর স্বাগত বক্তব্যে সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সামাজিক সংগঠন মহামায়া জুনিয়র ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সোহাগ, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সভাপতি আব্দুল কাদির প্রমূখ। তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে এই বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনির উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির কাজী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিভিন্ন সামাজিক ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক নেতারা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশ শেষে একটি মাদক বিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি স্টেশন রোড হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক পদক্ষিণ করে মহামায়া পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। র্যালিতে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে স্লোগানে মাদক কারবারিদের সচেতন হওয়ার আহবান জানান।
ফম/এমএমএ/



