চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ২টার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দাল এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার চান্দাল এলাকার ফয়েজুল ইসলাম রিপন (৫০) ও মো. কবির হোসেন (৪৩)। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ফয়েজুল ইসলাম রিপনকে ছয় মাসের কারাদণ্ড এবং মো. কবির হোসেনকে এক মাসের কারাদণ্ড দেন।
অভিযানে শাহরাস্তি মডেল থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদকসহ অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীকে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
ফম/এমএমএ/



