মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

চাঁদপুর: চাঁদপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী রোড এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দুই ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতদের একজনের তিনটি আঙুল কেটে দেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহতরা চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে বিষ্ণুদী রোডের ঢালি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই এলাকার রাজ্জাক মিজির ছেলে রুবেল মিজি ও তাঁর বড় ভাই মানিক মিজি। বর্তমানে তারা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব মিজি বাড়ির বাবুল মিজির ছেলে সজীব মিজি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। এতে এলাকার তরুণ ও যুবসমাজ বিপথগামী হচ্ছে-এমন অভিযোগে একই এলাকার রুবেল মিজি তাকে মাদক বিক্রি থেকে বিরত থাকতে বলেন।

এরই জেরে শনিবার রাতে রুবেল মিজি বাড়ি যাওয়ার পথে ঢালি মসজিদের সামনে সজীব মিজি, রাশেদ খন্দকার ও সৈয়ক মিজিসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। রুবেলের চিৎকার শুনে বড় ভাই মানিক এগিয়ে এলে হামলাকারীরা তাঁর ওপরও হামলা করে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে দুই ভাইকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রুবেল মিজির স্ত্রী অভিযোগ করে বলেন, সজীব মিজির বিরুদ্ধে এর আগেও মাদক বিক্রির অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করেছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে কারাগারে পাঠালেও জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন বলে তিনি দাবি করেন। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাঁর স্বামী ও ভাসুরের ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, হামলায় তাঁর ভাসুরের তিনটি আঙুল কেটে গেছে এবং তাঁর স্বামীর শরীরেও একাধিক জখম হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে আহতদের পরিবার জানিয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম