‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে যুবকদের এগিয়ে আসতে হবে’

চাঁদপুর : চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও জোরদার করতে হবে। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে সবাইকে মানুষের পাশে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে যুবকরাই সবার আগে এগিয়ে আসবে।

তিনি বলেন, সমাজ থেকে মাদক ও ইভটিজিং নির্মূল করতে হবে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। দুর্নীতি থেকে সমাজকে মুক্ত করা গেলে একটি আধুনিক ও সুন্দর সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর ইউনিট কার্যালয়ে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিট লেভেল অফিসার নূরুল করিম।

এ কে এম সলিম উল্যা সেলিম আরও বলেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবকরাই দেশের প্রাণ। তারাই আগামী দিনে দেশকে এগিয়ে নেবে। আমরা যুবকদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. মজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম