চাঁদপুর : চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ আহরণ প্রতিরোধ ও জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২ আগস্ট) বেলা ১১টায় মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বিকেলে বিষয়টি জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
সভায় অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় জেলেদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনা হয় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকসহ স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি ও জেলেরা অংশ নেন।
কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা, অবৈধ আহরণ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



