চাঁদপুর: চাঁদপুর সদরে সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় ৬জনকে ৬ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।
বিকেলে এসব তথ্য জেলা প্রশাসক কার্যালয়ের মিডিসেল থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক সড়ক পরিবহন আইনে চাঁদপুর সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ড্রাইভারের লাইসেন্স না থাকা, ফিটনেসবিহীন গাড়ি চালানো এবং অনুমোদিত শব্দ মাত্রার চেয়ে অতিরিক্ত মাত্রার শব্দে হর্ন বাজানোর অপরাধে ৬ মামলায় মোট ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ফম/এমএমএ/



