চাঁদপুরে দুই শতাধিক অসহায় পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

চাঁদপুর : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার দরিদ্র, দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (১ জুন) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়দের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে নারী এমপি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপদ সমাজ গঠনে সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নের এই ধারা বজায় রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আফতাব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম