দক্ষ ও দায়িত্বশীল তদন্তই ন্যায়বিচার নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তদন্তকারী কর্মকর্তাদের করণীয় শীর্ষক সেমিনার

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে “সংশোধিত ফৌজদারি কার্যবিধি, ২০২৬: তদন্তকারী কর্মকর্তাদের করণীয়” শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

চাঁদপুর: চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে “সংশোধিত ফৌজদারি কার্যবিধি, ২০২৬ : তদন্তকারী কর্মকর্তাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

তিনি বক্তব্যে বিচারপ্রক্রিয়ায় সুষ্ঠু তদন্তের গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ ও দায়িত্বশীল তদন্তই ন্যায়বিচার নিশ্চিত করার অন্যতম পূর্বশর্ত। দায়িত্বশীল নিয়েই কাজ করতে হবে। বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে ভালো মতো তদন্ত করতে হবে।

চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে জেলার আটটি থানা থেকে পুলিশ পরিদর্শক উপপরিদর্শক অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ পুলিশ সিআইডি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বলেন বিচারপ্রার্থীদের বিচারপ্রাপ্তি নিশ্চিত করা, হয়রানিমুক্তভাবে ন্যায়বিচার নিশ্চিত করা এবং তদন্তের গুণগত মান বৃদ্ধি করা বিচার বিভাগের অন্যতম লক্ষ্য। তিনি তদন্তকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আইনানুগ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত দায়রা জজ শরাফ উদ্দিন আহমেদ। তিনি সংশোধিত ফৌজদারি কার্যবিধি, ২০২৬-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, তদন্ত কার্যক্রমে নতুন বিধানের প্রয়োগ এবং তদন্তকারী কর্মকর্তাদের আইনগত দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান। তিনি ফৌজদারি কার্যবিধি অনুসারে তদন্তকার্য সম্পাদন, তদন্ত প্রতিবেদন প্রস্তুত ও আদালতে দাখিলের ক্ষেত্রে সংঘটিত বিভিন্ন ত্রুটিবিচ্যুতি, তদন্তে পেশাগত দক্ষতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তা এবং কার্যকর তদন্তের মাধ্যমে বিচারপ্রক্রিয়াকে গতিশীল করার বিষয় তুলে ধরেন।

সেমিনারে অংশগ্রহণকারী তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন বাস্তবধর্মী প্রশ্ন উত্থাপন করলে উপস্থিত বিচারকগণ সেসব প্রশ্নের উত্তর প্রদান করেন এবং মাঠপর্যায়ে তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, সংশোধিত ফৌজদারি কার্যবিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে তদন্তকারী কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ ও আইনি জ্ঞান বৃদ্ধির বিকল্প নেই। অংশগ্রহণকারীরা এ ধরনের সেমিনারকে সময়োপযোগী বলেন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম